মোঃ শাহজাহান বাশার,
একটি সুস্থ, নিরাপদ ও মাদকমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে যুবসমাজকে সচেতন, শিক্ষিত ও নৈতিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়ে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে জাতীয় যুব দিবসের বিশেষ আলোচনা সভা।
মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) বিকেল ৪টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ‘মাদকমুক্ত যুবসমাজ বিনির্মাণে আমাদের করণীয়’ শীর্ষক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাডভোকেট মোঃ হাবিবুল হক।
তিনি জজকোর্ট, ঢাকার আইনজীবী, নব উজ্জীবিত বাংলাদেশ সমাজের সভাপতি এবং সোনার বাংলা সাংস্কৃতিক সংগঠনের উপদেষ্টা। আইন অঙ্গনে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি, নৈতিকতা ও দায়িত্বশীল ভূমিকা পালনের স্বীকৃতিস্বরূপ তাঁকে বিশেষ সম্মাননায় ভূষিত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রতিমন্ত্রী সৈয়দ দিলদার বখত। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হামিদা খানম। প্রধান আলোচক ছিলেন রেজাউলদৌলা চৌধুরী।
আলোচনায় বক্তারা বলেন, মাদক একটি বহুমাত্রিক সামাজিক সমস্যা। এর প্রভাব ব্যক্তি, পরিবার, শিক্ষা, কর্মসংস্থান এবং সামাজিক নিরাপত্তার ওপর পড়ে। এ সমস্যা মোকাবিলায় রাষ্ট্রীয় উদ্যোগের পাশাপাশি প্রতিটি পরিবারকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তাঁরা আরও বলেন, তরুণদের মধ্যে সৃজনশীলতা, দেশপ্রেম, মানবিকতা ও সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করতে হবে। এজন্য শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের পাশাপাশি খেলাধুলা ও সুস্থ বিনোদনের সুযোগ বাড়ানো প্রয়োজন।
অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি মোঃ ইসরাইল হাওলাদার, শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির সহযোগী অধ্যাপক খাবিরা আখতার পারভিন, রোকেয়া সুলতানা কেয়া চৌধুরী, কবি শিহাব রিফাত আলম, স্বপন আহমেদ, সাংবাদিক মিলন মল্লিক ও শেখ মোঃ শাহ কামাল (শ্যামল)সহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সোনার বাংলা সাংস্কৃতিক সংগঠন ও সার্ক হিউম্যান রাইটস ফোরামের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে মাদকবিরোধী সামাজিক আন্দোলন জোরদারের প্রত্যয় ব্যক্ত করা হয়।
২ নং, উত্তর দুর্গাপুর ইউনিয়ন কৃষ্ণনগর। কুমিল্লা আদর্শ সদর
+
+