মোঃ শরিফ হোসেন, কুমিল্লা জেলা প্রতিনিধি
কুমিল্লার চান্দিনা উপজেলার ৮ নং বরকট ইউনিয়নের খিরাসার মোহনপুর গ্রামে দোকানের বাকি টাকা চাওয়াকে কেন্দ্র করে মুদি দোকানদার মোঃ সোহেলকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। এ সময় তার ছোট ভাই মোঃ সোহাগ এগিয়ে এলে তাকেও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়। অভিযোগ রয়েছে, খিরাসার মোহনপুর গ্রামের নাজমুল, আজাদ, কামাল, আনিস ও আশিকসহ কয়েকজন ব্যক্তি এ হামলায় জড়িত। ঘটনার সময় মোঃ সোহেল তার আট শাটারের মুদি দোকানের ক্যাশে বসে ছিলেন। একপর্যায়ে অভিযুক্তরা ধারালো দা দিয়ে তাকে আঘাত করলে তার বাম হাতের তালুতে গুরুতর জখম হয়।
ভাইকে রক্ষা করতে মোঃ সোহাগ এগিয়ে এলে তাকেও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়দের সহযোগিতায় আহত দুই ভাইকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে মোঃ সোহেলের বাম হাতের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে এবং তার ভাই সোহাগকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। এদিকে স্থানীয় সূত্রের দাবি, হামলার পর দোকানের ক্যাশে থাকা প্রায় ১ লাখ ৯০ হাজার টাকা এবং আনুমানিক ৭০ থেকে ৮০ হাজার টাকার মালামাল নিয়ে যায় হামলাকারীরা। তবে এই লুটের অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
ঘটনার পর ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে চান্দিনা থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, বাকি টাকা চাওয়ার মতো একটি সাধারণ বিষয়কে কেন্দ্র করে প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে হামলা এবং দোকান থেকে টাকা ও মালামাল লুটের ঘটনা অত্যন্ত গুরুতর। তারা ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এ ঘটনায় এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি লুটের অভিযোগেরও সুষ্ঠু তদন্ত দাবি করেছেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা।
২ নং, উত্তর দুর্গাপুর ইউনিয়ন কৃষ্ণনগর। কুমিল্লা আদর্শ সদর
+
+