মোঃ শাহজাহান বাশার
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ-এর সঙ্গে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর)-এর বাংলাদেশ প্রতিনিধি ইভো ফ্রেইসেন সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত এ বৈঠকে রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা জনগোষ্ঠীর বর্তমান পরিস্থিতি, আন্তর্জাতিক অর্থায়নের ক্রমহ্রাস এবং তাদের টেকসই প্রত্যাবাসন প্রক্রিয়া নিয়ে উভয়পক্ষ মতবিনিময় করেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ দেশ হওয়া সত্ত্বেও বাংলাদেশ মানবিক দৃষ্টিকোণ থেকে বিপুলসংখ্যক রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দিয়ে যাচ্ছে, যা আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রশংসিত হয়েছে।
তবে তিনি উদ্বেগ প্রকাশ করে জানান, সাম্প্রতিক বৈশ্বিক বাস্তবতায় রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সহায়তা উল্লেখযোগ্য হারে কমে গেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র থেকে অর্থায়ন প্রায় ৫০ শতাংশ হ্রাস পাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। তিনি বলেন, রোহিঙ্গাদের ন্যূনতম জীবনমান নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা এখন সময়ের দাবি।
অন্যদিকে, ইউএনএইচসিআর প্রতিনিধি ইভো ফ্রেইসেন জানান, সীমিত জায়গায় অতিরিক্ত জনসংখ্যার চাপের কারণে রোহিঙ্গা শিবিরগুলোতে বসবাসরত মানুষজন মানবেতর জীবনযাপন করছেন। এ প্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্টভাবে বলেন, বাংলাদেশের ভূ-প্রাকৃতিক ও আর্থ-সামাজিক বাস্তবতায় ক্যাম্প সম্প্রসারণ করা অত্যন্ত কঠিন। তিনি জোর দিয়ে বলেন, এই সংকটের স্থায়ী সমাধান একমাত্র রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছায় নিজ দেশে প্রত্যাবাসনের মাধ্যমেই সম্ভব।
বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপট তুলে ধরে বলেন, গাজা সংকট, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং ইসরায়েল-ইরান উত্তেজনাসহ নানা আন্তর্জাতিক ইস্যুর কারণে রোহিঙ্গা সংকট যেন বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টি থেকে আড়ালে না পড়ে। তিনি এ বিষয়ে আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে রোহিঙ্গা ইস্যুকে অগ্রাধিকার দেওয়ার জন্য জাতিসংঘ ও ইউএনএইচসিআর-এর প্রতি আহ্বান জানান।
এ সময় ইউএনএইচসিআর প্রতিনিধি আগামী ২০ মে ২০২৬ তারিখে অনুষ্ঠিতব্য রোহিঙ্গা শরণার্থী বিষয়ক ‘জয়েন্ট রেসপন্স প্ল্যান (JRP)’ উপস্থাপন অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য মন্ত্রীকে আমন্ত্রণ জানান।
সাক্ষাতের শুরুতে ইভো ফ্রেইসেন স্বরাষ্ট্রমন্ত্রীকে নতুন দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান এবং মন্ত্রী তাঁকে আন্তরিকভাবে স্বাগত জানান।
বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
২ নং, উত্তর দুর্গাপুর ইউনিয়ন কৃষ্ণনগর। কুমিল্লা আদর্শ সদর
+
+