মোঃ শাহজাহান বাশার,
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে অনলাইন জুয়ার সাথে জড়িত থাকার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (০৮ মে ২০২৬) রাতে ব্রাহ্মণপাড়া থানা পুলিশের অভিযানে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, এসআই (নিরস্ত্র) সুজন কুমার আচার্য্য থানা এলাকায় রাত্রীকালীন মোবাইল ডিউটি পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, ব্রাহ্মণপাড়া থানাধীন ৪নং শশীদল ইউনিয়নের দেউষ এলাকার নায়েব আলী সর্দার বাড়িতে মোবাইল ফোনের মাধ্যমে অনলাইন জুয়ার আসর বসেছে। এমন সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিটে সেখানে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে গ্রেফতার করা হয় দেউষ এলাকার মোঃ হারিজ (৪১), শিদলাই এলাকার মোঃ মেহেদী হাসান প্রকাশ নিরব (৩২) এবং মোঃ মহিউদ্দিন সরকার প্রকাশ পিয়াস (৩২)-কে। তারা সবাই ব্রাহ্মণপাড়া উপজেলার বাসিন্দা।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের কাছ থেকে বিভিন্ন মডেলের স্মার্টফোন জব্দ করা হয়েছে। এসব মোবাইল ফোনে অনলাইন জুয়ার একাধিক অ্যাপস ও ওয়েবসাইটের লিংক পাওয়া যায়। জব্দকৃত মোবাইলগুলোতে KU9, Jaya9, TK999, OlympCasino, 1xCasino-সহ বিভিন্ন অনলাইন জুয়ার অ্যাপস ও সাইট ব্যবহারের তথ্য মিলেছে।
এছাড়াও একটি মোবাইল ফোনের ব্রাউজারে অনলাইন জুয়ার ওয়েবসাইটের সক্রিয় লিংক এবং ব্যবহারকারীর আইডিও পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
ব্রাহ্মণপাড়া থানা পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫-এর ২০ ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পরে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
স্থানীয় সচেতন মহল বলছে, অনলাইন জুয়ার বিস্তার তরুণ সমাজকে বিপথগামী করছে। এ ধরনের অপরাধ দমনে পুলিশের ধারাবাহিক অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন তারা।
২ নং, উত্তর দুর্গাপুর ইউনিয়ন কৃষ্ণনগর। কুমিল্লা আদর্শ সদর
+
+