মোঃ ইমরান ইসলাম, নীলফামারী জেলা প্রতিনিধিঃ
গণভোটের রায় কার্যকর ও ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নের দাবিতে নীলফামারীতে গণমিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় জোট। শনিবার (২ মে) বিকেলে নীলফামারী বড় মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক (ডিসি) কার্যালয় মোড়ে গিয়ে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
জেলা জামায়াতের আমীর ও নীলফামারী-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তারের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তারা সরকারের প্রতি তীব্র হুঁশিয়ারি উচ্চারণ করেন।
সমাবেশে খেলাফত মজলিশের জেলা সভাপতি মাওলানা আব্দুস সালাম বলেন, “অচিরেই গণভোটের রায় বাস্তবায়ন না করলে জনগণ সরকারকে বিতাড়িত করবে। জুলাই যোদ্ধা মরহুম ওসমান হাদী হত্যার বিচার নিশ্চিত করতে হবে এবং জনমতের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে।”
এনসিপির জেলা সদস্য সচিব ডা. কামরুল ইসলাম দর্পণ বলেন, “৭০ শতাংশ জনমত গণভোটের পক্ষে। সরকার যদি এই জনমতকে উপেক্ষা করে ৩০ শতাংশের পক্ষে অবস্থান নেয়, তবে প্রমাণিত হবে তারা কারচুপির মাধ্যমে ক্ষমতায় এসেছে।”
সভাপতির বক্তব্যে সংসদ সদস্য মাওলানা আব্দুস সাত্তার বলেন, “বিএনপি বর্তমানে বিরোধী মতের ওপর ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতো আচরণ শুরু করেছে। আর্থিক খাতে লুটপাট চলছে এবং একজন ঋণখেলাপিকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ দিয়ে দেশের সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলা হয়েছে।”
তিনি আরও বলেন, “১১ দলীয় জোট ধর্মীয় মূল্যবোধ ও মানবাধিকার রক্ষায় রাজপথে নেমেছে। পার্লামেন্টে উপযুক্ত সুযোগ না পাওয়ায় জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন শুরু হয়েছে। জনগণের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথে আন্দোলন চলবে।”
জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে জোটের স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন।
২ নং, উত্তর দুর্গাপুর ইউনিয়ন কৃষ্ণনগর। কুমিল্লা আদর্শ সদর
+
+