রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের ধানমন্ডি জোনের উদ্যোগে আওয়ামী লীগবিরোধী একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচি শেষে ব্রিফিং চলাকালে সাংবাদিকদের সঙ্গে বাকবিতণ্ডার একপর্যায়ে হামলার ঘটনা ঘটে। এতে মাহফুজুর রহমান শিশির নামে এক সাংবাদিক গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (২৩ জুন) সকালে ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সকাল সাড়ে ৮টার দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের ধানমন্ডি জোনের উদ্যোগে আওয়ামী লীগবিরোধী একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলে জামায়াত নেতা মুস্তাফিজুর রহমান, মুজাহিদুল ইসলাম শাহিন, আনিসুজ্জামান, জাহিনুর রহমানসহ অন্যান্য নেতাকর্মীরা অংশ নেন। মিছিল শেষে আয়োজিত ব্রিফিংয়ে সাংবাদিকদের পক্ষ থেকে সিনিয়র একজনকে কথা বলার জন্য বলা হয়। এ সময় উপস্থিত জামায়াতে ইসলামীর কয়েকজন নেতাকর্মী সাংবাদিকদের আওয়ামী লীগের দোসর বলে মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে। এ নিয়ে সাংবাদিকরা প্রতিবাদ জানালে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে হামলার ঘটনা ঘটে। এতে দৈনিক সকাল-এর রিপোর্টার মাহফুজুর রহমান শিশির গুরুতর আহত হন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, হামলার পর তার মুখ দিয়ে রক্ত পড়তে দেখা যায়।
পরে ঘটনাস্থলে উপস্থিত অন্যান্য সাংবাদিকরা তাকে উদ্ধার করে বাংলাদেশ মেডিকেলে নিয়ে যান, যেখানে তার চিকিৎসা দেওয়া হয়। ঘটনার বিষয়ে ধানমন্ডি থানা জামায়াতের কর্মপরিষদের সদস্য মুজিবুর রহমান খান সাংবাদিকদের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাকে অনাকাঙ্ক্ষিত বলে উল্লেখ করেন। তিনি বলেন, তাদের কর্মসূচিতে বহিরাগতরাও প্রবেশ করে থাকতে পারে এবং এমন ঘটনার পেছনে তাদের সংশ্লিষ্টতা থাকতে পারে। সাংবাদিকদের ওপর হামলার এ ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট মহলে উদ্বেগ দেখা দিয়েছে। ঘটনার প্রকৃত কারণ ও দায়ীদের শনাক্ত করতে তদন্তের দাবি জানিয়েছেন উপস্থিত সাংবাদিকরা।
মোঃ শাহরিয়া। সম্পাদক দৈনিক ক্রাইম দৃষ্টি নিউজ
২ নং, উত্তর দুর্গাপুর ইউনিয়ন কৃষ্ণনগর। কুমিল্লা আদর্শ সদর
+
+