কুমিল্লায় মাদকের ভয়াবহতা ও ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং মাদকবিরোধী সামাজিক আন্দোলন জোরদারে মাদকবিরোধী সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। একই দিনে কোতয়ালী মডেল থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে গ্রেপ্তার হওয়া ২০ আসামিকে সংক্ষিপ্ত বিচার আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।
রোববার (২৪ আগস্ট ২০২৬) বিকেল সাড়ে ৪টার দিকে কোতয়ালী মডেল থানাধীন কুমিল্লা সিটি কর্পোরেশনের ৫ নম্বর ওয়ার্ডের কুমিল্লা হাই স্কুলে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে কোতয়ালী মডেল থানা পুলিশের সদস্যদের পাশাপাশি স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, শিক্ষক-শিক্ষার্থী ও সচেতন এলাকাবাসী উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা মাদকের ভয়াবহতা, এর ক্ষতিকর সামাজিক ও পারিবারিক প্রভাব এবং মাদক নির্মূলে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথা উল্লেখ করে তারা মাদক কারবারি ও সেবনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সাধারণ মানুষকে মাদকবিরোধী কার্যক্রমে এগিয়ে আসার আহ্বান জানান।
সমাবেশ শেষে বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে কুমিল্লা হাই স্কুল প্রাঙ্গণ থেকে একটি মাদকবিরোধী র্যালি বের করা হয়। র্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
এদিকে, একই দিনে কোতয়ালী মডেল থানা এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মাদক সেবনসহ বিভিন্ন অপরাধে ১৪ জনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাদের বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, ১ম আদালত, কুমিল্লায় সোপর্দ করা হয়।
আদালত সূত্রে জানা যায়, সংক্ষিপ্ত বিচার কার্যক্রমে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুমিনুল হক দোষ স্বীকারের ভিত্তিতে বিভিন্ন আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন। এর মধ্যে ২ জনকে ১ মাসের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড, ১৩ জনকে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড, ১ জনকে ৭ দিনের সশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড, ১ জনকে ৩ মাসের সশ্রম কারাদণ্ড এবং ৩ জনকে ২০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, সব মিলিয়ে ২০ জন আসামিকে সংক্ষিপ্ত বিচার আদালতের মাধ্যমে শাস্তির আওতায় আনা হয়েছে।
অপরাধ সংঘটনের পর দ্রুত বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে সাজা হওয়ায় মাদকের প্রকোপ নিয়ন্ত্রণে এ ধরনের কার্যক্রমের গুরুত্ব রয়েছে বলে মনে করছেন সচেতন মহলের অনেকে। একই সঙ্গে মাদকবিরোধী সমাবেশ ও র্যালির মাধ্যমে জনসচেতনতা তৈরির উদ্যোগকেও ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয়রা।
২ নং, উত্তর দুর্গাপুর ইউনিয়ন কৃষ্ণনগর। কুমিল্লা আদর্শ সদর
+
+