সাংবাদিক নার্গিস জুঁইয়ের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ
মোঃ শাহজাহান বাশার
বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)-এর সিনিয়র সাংবাদিক নার্গিস জুঁইয়ের ওপর আদালত চত্বরে সংঘটিত ন্যাক্কারজনক হামলার ঘটনায় আমি গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
আজ ০২ জুন ২০২৬ খ্রিস্টাব্দ, আনুমানিক সকাল ১১:৩০ মিনিটে কোতোয়ালি থানাধীন সিএমএম (CMM) কোর্টের ৪র্থ তলার ৬ নম্বর আদালতের সামনে দায়িত্ব পালনরত অবস্থায় সাংবাদিক নার্গিস জুঁই অজ্ঞাতনামা এক ব্যক্তির শারীরিক হামলার শিকার হন। একজন পেশাদার সাংবাদিকের ওপর প্রকাশ্য আদালত প্রাঙ্গণে এ ধরনের হামলা অত্যন্ত দুঃখজনক, নিন্দনীয় এবং গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী।
সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে জনগণের তথ্য অধিকার নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে থাকেন। তাদের ওপর হামলা, হুমকি কিংবা হয়রানি শুধু একজন ব্যক্তির ওপর আঘাত নয়; এটি স্বাধীন সাংবাদিকতা, মতপ্রকাশের স্বাধীনতা এবং গণমাধ্যমের নিরাপত্তার ওপর সরাসরি আঘাত।
ঘটনাস্থলে সিসিটিভি ক্যামেরা বিদ্যমান থাকায় হামলাকারীকে দ্রুত শনাক্ত করা সম্ভব বলে আমরা বিশ্বাস করি। তাই ভুক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে দোষী ব্যক্তিকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি।
একই সঙ্গে দেশের সকল সাংবাদিক সংগঠন, মানবাধিকার সংগঠন এবং সচেতন নাগরিক সমাজকে এ ঘটনার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানাচ্ছি। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ সুরক্ষিত রাখা রাষ্ট্রের অন্যতম দায়িত্ব।
আমরা আশা করি, প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে এবং এ ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করে সাংবাদিক সমাজের মধ্যে আস্থা ফিরিয়ে আনবে।