মোঃ শাহজাহান বাশার,

কুমিল্লার বুড়িচং উপজেলায় ধান বোঝাই অটোরিকশা উল্টে চাপা পড়ে মো. আব্দুল মান্নান (৫৫) নামে এক কলেজ অফিস সহায়কের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২৪ মে) সকালে বুড়িচং–রামপুর পোস্ট অফিস সড়কের গোবিন্দপুর-শ্রীপুর এলাকায় গোমতী নদীর প্রতিরক্ষা বাঁধে এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল মান্নান কালিকাপুর গ্রামের বাসিন্দা এবং আব্দুল মতিন খসরু সরকারি কলেজ-এর অফিস সহায়ক হিসেবে কর্মরত ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে কলেজজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

কলেজের হিসাবরক্ষক নজরুল ইসলাম জানান, রোববার সকালে তিনটি অটোরিকশাযোগে প্রায় ১০ মণ ধান নিয়ে কংশনর বাজারে বিক্রির উদ্দেশ্যে রওনা দেন আব্দুল মান্নান। পথে গোমতী নদীর প্রতিরক্ষা বাঁধের নিচ থেকে অটোরিকশা উপরে ওঠার সময় হঠাৎ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় তিনি অটোরিকশার নিচে চাপা পড়ে গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল College Hospital-এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত আব্দুল মান্নান স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে স্ত্রী, সন্তান ও স্বজনদের মাঝে নেমে এসেছে গভীর শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা।

সহকর্মী ও এলাকাবাসীরা জানান, আব্দুল মান্নান ছিলেন অত্যন্ত সৎ, পরিশ্রমী ও ভদ্র স্বভাবের মানুষ। জীবিকার তাগিদে ধান বিক্রি করতে গিয়ে এমন মর্মান্তিক মৃত্যু কেউ মেনে নিতে পারছেন না।

এ ঘটনায় এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তাদের ধৈর্য ধারণের আহ্বান জানিয়েছেন।