মোঃ শাহজাহান বাশার,
মাদকদ্রব্যের ভয়াল বিস্তার রোধে দেশব্যাপী নিয়মিত অভিযান পরিচালনার অংশ হিসেবে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (Rapid Action Battalion)–১০ একটি সফল অভিযান পরিচালনা করে প্রায় ৭ লক্ষ টাকা মূল্যের ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
র্যাব-১০ সূত্রে জানা যায়, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে আজ ১৯ মে ২০২৬ তারিখ সকাল আনুমানিক ৮টা ০৫ মিনিটে রাজবাড়ী জেলার সদর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় রাজবাড়ী জেলার গোয়ালন্দ মোড় এলাকায় রাজবাড়ী থেকে ফরিদপুরগামী একটি নছিমন গাড়ি তল্লাশি করা হয়।
তল্লাশিকালে গাড়ির ভেতর থেকে ২২০ (দুইশত বিশ) বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়, যার আনুমানিক অবৈধ বাজারমূল্য প্রায় ৬,৬০,০০০/- (ছয় লক্ষ ষাট হাজার) টাকা। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত নছিমনটিও জব্দ করা হয় এবং ঘটনাস্থল থেকেই একজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো: শাহিনুর মণ্ডল (২৫)। তিনি কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার বৈরাগীর চর গ্রামের মৃত আরজেত মণ্ডলের ছেলে বলে জানা গেছে।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে ফেনসিডিলসহ বিভিন্ন মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুর, রাজবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। তার বিরুদ্ধে একটি সক্রিয় মাদক চক্রের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগও রয়েছে।
উদ্ধারকৃত মাদক ও গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রস্তুতি চলছে এবং তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে র্যাব-১০ জানিয়েছে।
র্যাব আরও জানায়, মাদক নির্মূলে তাদের “জিরো টলারেন্স” নীতি অব্যাহত রয়েছে। তরুণ সমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা করতে র্যাব নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছে এবং ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।