মোঃ শাহজাহান বাশারঃ ঢাকার মিরপুরে অবস্থিত উপমহাদেশের অন্যতম প্রখ্যাত সুফি সাধক হযরত শাহ আলী বোগদাদী (রাহমাতুল্লাহি আলাইহি) এর মাজার শরীফে হামলার ঘটনার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
সোমবার (১৮ মে) বাদ আসর কুমিল্লা টাউন হলের সামনে “মদিনার কাফেলা বাংলাদেশ” কুমিল্লা জেলা ও মহানগর শাখার উদ্যোগে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন দরবার শরীফের পীর-মাশায়েখ, আলেম-ওলামা ও ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে সভাপতিত্ব করেন মদিনার কাফেলা বাংলাদেশের চেয়ারম্যান ও মাধবপুর দরবার শরীফের গদিনশীন পীর আলহাজ্ব মাওলানা ডা. এম এ কাদের খান মাধবপুরী।
এসময় বক্তব্য রাখেন অলিতলা দরবার শরীফের পীর আলহাজ্ব মাওলানা মহিউদ্দিন লতিফী, মদিনার কাফেলা বাংলাদেশের দাতা সদস্য মুফতি বাকী বিল্লাহ আল আজহারী, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাঈদ নইমিয়া তাহেরী, দারোগাবাড়ি জামে মসজিদের খতিব ও মদিনার কাফেলা বাংলাদেশ কুমিল্লা মহানগর সভাপতি আলহাজ্ব মাওলানা মো. ইয়াসিন নূরী, মাওলানা শামীম রেজা আল কাদেরী, বিশ্ব সুফি সংস্থার প্রতিনিধি মো. কবির হোসেন, ইসলামী ফ্রন্ট কুমিল্লা জেলার সাধারণ সম্পাদক মুফতি মঈন উদ্দিন, শাহাপুর দরবার শরীফের পক্ষে নজরুল ইসলাম শাহাপুরী, মদিনার কাফেলা বাংলাদেশ কুমিল্লা জেলা কমিটির সাধারণ সম্পাদক মাওলানা বশির আহমেদ ফারুকী, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান স্বাধীন, সহ-সাংগঠনিক সম্পাদক পারভেজ রেজা আল কাদেরী, মোহাম্মদ জালাল হোসেন, মোহাম্মদ আখতার হোসেন ও মো. রাসেল আহমেদ মাধবপুরীসহ আরও অনেকে।
বক্তারা বলেন, “ইসলাম শান্তি, সম্প্রীতি ও মানবতার ধর্ম। কোনো প্রকৃত মুসলমান অন্য ধর্মাবলম্বী কিংবা ভিন্ন মতের মানুষের ওপর হামলা চালাতে পারে না। এদেশে ইসলাম প্রচার ও প্রসারে অলি-আওলিয়া ও পীর-মাশায়েখগণের অবদান অপরিসীম। তাই তাঁদের মাজার শরীফে হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”
তারা অবিলম্বে হামলার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং দেশের ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সরকার ও প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেন।
মানববন্ধন শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।