মোঃ শাহজাহান বাশার
(ঢাকা), ১৩ মে ২০২৬ খ্রি.:
ঢাকা জেলার ডিবি (উত্তর) পুলিশের বিশেষ অভিযানে ৫৫ (পঞ্চান্ন) পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
ঢাকা জেলা পুলিশের অভিভাবক পুলিশ সুপার জনাব শামীমা পারভীন-এর নির্দেশনায় নিয়মিত মাদকবিরোধী অভিযান জোরদারের অংশ হিসেবে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ জনাব সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই (নিঃ) আরিফুল ইসলামসহ একটি চৌকস টিম ১২ মে ২০২৬ খ্রি. রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে ধামরাই থানাধীন বড় চন্দ্রাইল এলাকায় অভিযান চালায়। অভিযানে মাদক কেনাবেচার সময় দুইজনকে হাতেনাতে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—
১। মোঃ আকাশ হোসেন ওরফে আকাশ চন্দ্র বিশ্বাস (২৯), পিতা-মৃত মালেক হোসেন ওরফে নিপেন চন্দ্র বিশ্বাস, মাতা-মধু মালা বিশ্বাস, সাং-মহিষাসি, থানা ধামরাই, জেলা ঢাকা।
২। মোঃ রুবেল (২৭), পিতা-আবুল হোসেন, মাতা-গোলাপী বেগম, সাং-মহিষাসি পূর্বপাড়া, ইতিমখানা মাদ্রাসার পাশে, থানা ধামরাই, জেলা ঢাকা।
গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১৬,৫০০ (ষোল হাজার পাঁচশত) টাকা বলে জানা গেছে।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে স্থানীয় এলাকায় ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তারা বিভিন্ন মাধ্যমে মাদক সংগ্রহ করে এলাকায় সরবরাহ করতো বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় ধামরাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পরবর্তীতে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।
ঢাকা জেলা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে এবং মাদক ব্যবসায় জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।