কুমিল্লা নগরীর কোতয়ালী মডেল থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে সংঘবদ্ধ কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ২ মে ২০২৬ তারিখে পরিচালিত এ অভিযানে রেইসকোর্স এলাকা থেকে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জের নির্দেশে থানা পুলিশের একটি দল এ বিশেষ অভিযান পরিচালনা করে। গ্রেফতার ব্যক্তিরা একটি সংঘবদ্ধ কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য এবং তারা পূর্বে দায়ের করা একটি মামলার তদন্তে জড়িত বলে নিশ্চিত হয়েছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, সাইফুল ইসলাম আপন (১৫), পিতা আলী আহম্মদ, মাতা রোজিনা বেগম, বাড়ি সংরাইশ এলাকা; মো. সুমন আলম (১৭), পিতা জাহাঙ্গীর আলম, মাতা রেহেনা বেগম, বাড়ি রেইসকোর্স এলাকা; এবং মো. রবিউল (১৬), পিতা মো. সাগর, মাতা রুমি বেগম, বাড়ি ধানমন্ডি রেইসকোর্স এলাকা। তারা সবাই কোতয়ালী মডেল থানা এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় দায়েরকৃত মামলা নম্বর ২০, তারিখ ৭ এপ্রিল ২০২৬, ধারা 15(3)/25D, দ্য স্পেশাল পাওয়ারস অ্যাক্ট ১৯৭৪ এর আওতায় তদন্ত চলমান রয়েছে। তদন্তে তাদের সম্পৃক্ততার প্রমাণ পাওয়ার পরই এই অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। কোতয়ালী মডেল থানা পুলিশ জানায়, কিশোর গ্যাং সংশ্লিষ্ট অপরাধ দমনে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।