মোঃ শাহজাহান বাশার
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় সুন্নী মতাদর্শভিত্তিক সামাজিক ও আধ্যাত্মিক সংগঠন “মদিনার কাফেলা বাংলাদেশ” এর ব্রাহ্মণপাড়া উপজেলা কমিটির কাউন্সিল অধিবেশন আগামী ২৭ এপ্রিল ২০২৬ ইং (সোমবার) বিকাল ৪ ঘটিকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে নয়ন আধুনিক কমিউনিটি সেন্টার, আলতাব আলী মার্কেট, দক্ষিণ বাজার, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা।
ধর্মীয় আবহে আয়োজিত এ কাউন্সিল অধিবেশনে “না’রে তাকবীর—আল্লাহু আকবার”, “না’রে রিসালাত—ইয়া রাসুলাল্লাহ (সা.)” স্লোগানসহ আখেরি জামানায় বিশ্ব শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়েছে। আয়োজকরা বলেন, সুন্নী সুফিবাদ ও আধ্যাত্মিক মূল্যবোধের ভিত্তিতে সমাজে ঐক্য, মানবিকতা ও শান্তির বার্তা ছড়িয়ে দেওয়াই এ আয়োজনের মূল লক্ষ্য। তাদের মতে, বাংলাদেশের বর্তমান সামাজিক পরিস্থিতি মোকাবেলায় তৃণমূল পর্যায়ে সুন্নী প্ল্যাটফর্মকে আরও শক্তিশালী করা অত্যন্ত জরুরি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন হাজী জনাব মোসলেহ উদ্দিন সাহেব, আহ্বায়ক, মদিনার কাফেলা বাংলাদেশ, ব্রাহ্মণপাড়া উপজেলা কমিটি। আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন মাওলানা অলি উল্ল্যাহ তাহেরী এবং সদস্য সচিব হিসেবে রয়েছেন মোঃ মিজানুর রহমান।
উক্ত কাউন্সিল অধিবেশনে দেশের প্রখ্যাত সুন্নী পীর-মাশায়েখ, আলেম-ওলামা, সমাজসেবক ও বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আলহাজ্ব মাওঃ ডাঃ এম. এ কাদের খান মাধবপুরী, চেয়ারম্যান, মদিনার কাফেলা বাংলাদেশ। প্রধান আলোচক থাকবেন আল্লামা মুফতী বাকি বিল্লাহ আল আজহারী, আজীবন দাতা সদস্য, মদিনার কাফেলা বাংলাদেশ। উদ্বোধক হিসেবে থাকবেন আল্লামা ছৈয়দ মুফতী শামসুদ্দোহা বারী, উপদেষ্টা, মদিনার কাফেলা বাংলাদেশ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খাদেম মোঃ ফিরোজ, সাধারণ সম্পাদক, কুমিল্লা জেলা আহলে সুন্নাত ওয়াল জামা’আত এবং আলহাজ্ব মাওলানা মোঃ গোলাম মোস্তফা, সভাপতি, আহলে সুন্নাত ওয়াল জামা’আত, ব্রাহ্মণপাড়া উপজেলা।
আয়োজকরা জানান, এ কাউন্সিল অধিবেশনের মাধ্যমে সংগঠনের সাংগঠনিক কাঠামো আরও শক্তিশালী করা হবে এবং তৃণমূল পর্যায়ে সামাজিক ও ধর্মীয় কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা গ্রহণ করা হবে। একই সঙ্গে সুন্নী ঐতিহ্য, আধ্যাত্মিক চর্চা ও মানবকল্যাণমূলক কার্যক্রমকে আরও বেগবান করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিতি, পরামর্শ ও সহযোগিতা কামনা করেছেন আয়োজক কমিটি।