মোঃ শাহজাহান বাশার

কুমিল্লার বুড়িচং উপজেলায় পেশাগত দায়িত্ব পালনকালে এক সাংবাদিকের ওপর হামলা ও তার ব্যবহৃত সরঞ্জাম ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।

মামলার বাদী মোহাম্মদ সাখাওয়াত হাফিজ (৫০) জানান, তিনি বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকার সঙ্গে যুক্ত থেকে দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করে আসছেন। গত ১১ এপ্রিল বিকেল আনুমানিক ৪টার দিকে বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের ফরিজপুর এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কের পাশে একটি বিরোধকে কেন্দ্র করে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি উপস্থিত ছিলেন। সেখানে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে তিনি ঘটনাটি ভিডিও ধারণের চেষ্টা করেন।

অভিযোগে বলা হয়, এ সময় অভিযুক্ত মো. সালাহ উদ্দিন (৫০)সহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জন তাকে ভিডিও ধারণে বাধা দেন এবং অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন। একপর্যায়ে তারা তার ব্যবহৃত মোবাইল ফোন, ভিডিও ক্যামেরা ও মাইক্রোফোনসহ আনুমানিক ৬০ হাজার টাকা মূল্যের সরঞ্জাম ছিনিয়ে নেয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

এছাড়া ভুক্তভোগী সাংবাদিক অভিযোগ করেন, সালাহ উদ্দিন ধারালো অস্ত্র দিয়ে তার ডান হাতে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং তিনি উদ্ধার পান। আহত অবস্থায় তাকে প্রথমে ময়নামতি জেনারেল হাসপাতালে এবং পরে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

এ ঘটনায় তিনি বুড়িচং থানায় মামলা দায়ের করেন। মামলা নম্বর-৩৭, তারিখ ২২ এপ্রিল ২০২৬। মামলায় সালাহ উদ্দিনকে প্রধান আসামি করে আরও কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।

থানা সূত্রে জানা গেছে, অভিযোগটি গ্রহণ করে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। অভিযোগের সত্যতা যাচাই করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পুলিশ জানিয়েছে।

এ ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলে উদ্বেগ সৃষ্টি হয়েছে। পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকের ওপর হামলা ও সরঞ্জাম ছিনতাইয়ের ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন গণমাধ্যমকর্মীরা।