মোঃ শাহজাহান বাশার

দিনাজপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২১ এপ্রিল ২০২৬) জেলার কোতয়ালী থানাধীন ১নং চেহেলগাজী ইউনিয়নের জামতলী বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা যায়, দিনাজপুর জেলার পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম-এর দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ আনোয়ার হোসেনের সার্বিক তত্ত্বাবধানে অফিসার ইনচার্জ, ডিবি দিনাজপুরের নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।

অভিযানকালে একটি কমলা রঙের প্লাস্টিকের বস্তার ভেতর কসটেপ দ্বারা মোড়ানো দুই পেটি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার মোট ওজন ১০ (দশ) কেজি বলে জানিয়েছে পুলিশ।

এ সময় ঘটনাস্থল থেকে মোঃ ঠান্ডু মন্ডল ওরফে ঠান্ডা (৩৮), পিতা: মোঃ লাল মিয়া মন্ডল, গ্রাম: নাকাই, থানা: গোবিন্দগঞ্জ, জেলা: গাইবান্ধা—কে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করা হবে।

দিনাজপুর জেলা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর অবস্থান গ্রহণ করা হয়েছে।