“দক্ষ যুবক, গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে কুমিল্লায় মাদকমুক্ত সমাজ গঠন, গুজব ও অপপ্রচার প্রতিরোধ এবং নীতি-নৈতিকতা বিষয়ে এক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ নভেম্বর ২০২৬) কুমিল্লা যুব ভবনের হলরুমে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর, কুমিল্লার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুমিল্লার উপপরিচালক জনাব মোঃ বজলুর রহমান, কুমিল্লা যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কমান্ড্যান্ট জনাব মোঃ শফিকুল ইসলাম, যুব উন্নয়ন অধিদপ্তর, কুমিল্লার সহকারী পরিচালক জনাব সাইফুল উদ্দিন আহমেদ এবং উপপরিচালক জনাব মোঃ নজরুল ইসলাম সরকার।

এ সময় যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষক, শিক্ষক ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য ভয়াবহ হুমকি। যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, প্রশাসন ও সমাজের সর্বস্তরের মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। মাদক নির্মূলে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তাঁরা।

এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুজব ও অপপ্রচার থেকে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়। কোনো তথ্য যাচাই না করে প্রচার না করা এবং ব্যক্তিগত ও সামাজিক জীবনে নীতি-নৈতিকতা, সততা ও দায়িত্বশীল আচরণ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

বক্তারা আরও বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে দক্ষ, সচেতন, নৈতিকতাসম্পন্ন এবং মাদকমুক্ত যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই যুবকদের দক্ষতা অর্জনের পাশাপাশি দেশ ও সমাজের কল্যাণে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।

সভায় মাদকমুক্ত, সচেতন ও নৈতিক মূল্যবোধসম্পন্ন যুবসমাজ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।