মোঃ শাহজাহান বাশার

আইন অঙ্গনে বিশেষ করে মাদক ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিত করার ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন ঢাকা জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোঃ হাবিবুল হক।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিশুকল্যাণ পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়। ‘চাঁদের কণা’ ও ‘মিনি খান সাংস্কৃতিক একাডেমি’র যৌথ উদ্যোগে আয়োজিত গুণীজন সংবর্ধনা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তাঁর হাতে সম্মাননা স্মারক ও গুণীজন পদক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে ‘মাদক ও শিশু নির্যাতন বন্ধে আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন অ্যাডভোকেট মোঃ হাবিবুল হক। আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, আইন পেশায় তাঁর সততা, দক্ষতা এবং মাদক ও শিশু নির্যাতনসংক্রান্ত অপরাধ প্রতিরোধে আইনি কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবেই তাঁকে এ সম্মাননা দেওয়া হয়েছে।

সম্মাননা প্রাপ্তির প্রতিক্রিয়ায় অ্যাডভোকেট মোঃ হাবিবুল হক বলেন, “যেকোনো কাজের স্বীকৃতি কাজের অনুপ্রেরণা বাড়িয়ে দেয়। মাদক ও শিশু নির্যাতন সমাজের দুটি বড় ব্যাধি। আইনি অঙ্গনে থেকে এই অপরাধগুলোর বিরুদ্ধে এবং ভুক্তভোগীদের অধিকার রক্ষায় আমার এই লড়াই আগামীতেও অব্যাহত থাকবে।”

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক রেজাউদ্দৌলা চৌধুরী। কবিয়াল ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মু. নজরুল ইসলাম তামিজী অনুষ্ঠানের উদ্বোধন করেন। ‘চাঁদের কণা’র সভাপতি ড. এ.টি.এম. মমতাজুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ইকবাল হোসেন রাজু।

এ ছাড়া অনুষ্ঠানে সাবেক সচিব ও রাষ্ট্রদূত মাসুদ মান্নান (এনডিসি), সাবেক অতিরিক্ত সচিব মোঃ জাকির হোসেনসহ বিশিষ্ট কবি, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।