কুমিল্লার বুড়িচং উপজেলায় লাইসেন্সের শর্ত অমান্য করে অবৈধভাবে ডিজেল মজুদ ও বিক্রির অভিযোগে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় আড়াই হাজার লিটার ডিজেল জব্দ করা হয় এবং দায়ী প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। পরে জব্দকৃত তেল নিলামের মাধ্যমে বিক্রি করা হয়।

বুধবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার কালিকাপুর বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তানভীর হোসেন।

ইউএনও জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে দেখা যায়, নিলামে ক্রয়কৃত ‘সূর্যমুখী’ নামীয় অ্যাজেন্সির লাইসেন্সের শর্ত লঙ্ঘন করে অ্যাজেন্সির নির্ধারিত স্থানের বাইরে ‘জনপ্রিয় ট্রেডার্স’ নামে একটি প্রতিষ্ঠান তেলের গাড়ি থেকে কোনো প্রকার চালান বা রশিদ ছাড়াই খোলা বাজারে ডিজেল বিক্রি করছে। এ সময় প্রতিষ্ঠানটিতে বিপুল পরিমাণ জ্বালানি তেল অবৈধভাবে মজুদ থাকার প্রমাণ পাওয়া যায়।

অভিযানকালে জনপ্রিয় ট্রেডার্সের মালিককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন হাজার টাকা জরিমানা করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। পাশাপাশি সেখান থেকে দুই হাজার ৫০০ লিটার ডিজেল জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় দুই লাখ ৫০ হাজার টাকা।

পরবর্তীতে প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী জব্দকৃত তেল নিলামের মাধ্যমে বিক্রির ব্যবস্থা করা হয়। নিলামে অংশ নেওয়া দুটি প্রতিষ্ঠানের মধ্যে সর্বোচ্চ দরদাতা হিসেবে মেসার্স জিসান ফুয়েল স্টেশন ও ভরসার বাজারের মালিক মো. আব্দুস সালামের কাছে দুই লাখ টাকায় জব্দকৃত ডিজেল বিক্রি করা হয়।

উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে ও বাজারে শৃঙ্খলা রক্ষায় অবৈধ জ্বালানি ব্যবসা ও মজুদদারির বিরুদ্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। স্থানীয় সচেতন মহল প্রশাসনের এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছে এবং নিয়মিত তদারকির দাবি জানিয়েছেন।