1. কুমিল্লা কোতয়ালী মডেল থানা পুলিশের পৃথক অভিযানে ভারতীয় মদ উদ্ধারের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। একই সঙ্গে মাদক সেবন ও বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২ জনকে সংক্ষিপ্ত বিচার আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার প্রাথমিক তথ্য-প্রমাণের ভিত্তিতে আরও দুইজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশের প্রেস রিলিজ সূত্রে জানা যায়, ১৩ সেপ্টেম্বর ২০২৬ কোতয়ালী মডেল থানা এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের একপর্যায়ে কুমিল্লা সিটি কর্পোরেশনের ৫ নম্বর ওয়ার্ডের মোগলটুলী এলাকার আনছারিয়া মিষ্টি ভান্ডার দোকানের সামনে থেকে রূদ্র সাহা (১৯), আপন সাহা (১৯) ও তুষার দে (২১)-কে আটক করা হয়। তাদের হেফাজত থেকে ৪ বোতল ভারতীয় মদ উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

অন্যদিকে, মাদক সেবন ও বিভিন্ন অপরাধে থানা এলাকা থেকে গ্রেপ্তার ১২ জনকে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, ১ম আদালত, কুমিল্লায় সোপর্দ করা হলে আদালত সংক্ষিপ্ত বিচার পরিচালনা করেন। দোষ স্বীকারের ভিত্তিতে আদালত ১২ জনকে বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদণ্ড প্রদান করেন।

সাজাপ্রাপ্তদের মধ্যে ৫ জনকে ১০ দিনের সশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা, ৪ জনকে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা এবং ৩ জনকে ৭ দিনের সশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া থানা এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার প্রাথমিক তথ্য-প্রমাণের ভিত্তিতে আরও ২ জনকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

কোতয়ালী মডেল থানা পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক ও ছিনতাই প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। পুলিশের এ ধরনের কার্যক্রমে বিভিন্ন মহলের লোকজন সন্তোষ প্রকাশ করেছেন বলে প্রেস রিলিজে উল্লেখ করা হয়েছে।