মোঃ শাহজাহান বাশার
ঢাকা, ১১ এপ্রিল ২০২৬ খ্রি.

রাজধানীর রেলওয়ে কলোনি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৭০০ (সাতশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির শাহজাহানপুর থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো—
১) মোঃ বাছেদ (৪৪)
২) মোছাঃ তানিয়া (৩৭)

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১১ এপ্রিল) আনুমানিক দুপুর ১টা ০৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিএমপির শাহজাহানপুর থানা পুলিশের একটি আভিযানিক দল রাজধানীর শাহজাহানপুর থানাধীন রেলওয়ে কলোনি এলাকার এ-টাইপ ১৬ নম্বর বিল্ডিংয়ের ১ম সিঁড়ির ৪র্থ তলায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ওই দুইজনকে হাতেনাতে আটক করা হয় এবং তাদের কাছ থেকে ৭০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করে যে, তারা একটি সংঘবদ্ধ মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। তারা দেশের বিভিন্ন স্থান থেকে ইয়াবা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিক্রয় করে আসছিল বলে জানা যায়।

ডিএমপির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হয়েছে এবং রাজধানীতে মাদক চক্রের নেটওয়ার্ক ভেঙে দিতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ জানিয়েছে, মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।