আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও আর্থ-সামাজিক কর্মকাণ্ডে নিয়মিত ভূমিকা রেখে চলেছে নীলফামারীর ডিমলা উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী । এরই ধারাবাহিকতায় জলাবদ্ধতা থেকে ফসলি জমি রক্ষায় একটি গুরুত্বপূর্ণ খালের কচুরিপানা পরিষ্কার করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করেছেন বাহিনীটির সদস্যরা।

জানা গেছে, ডিমলা উপজেলার ঝুনাগাছ চাপানী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চৌধুরী পাড়া এলাকায় খালের মুখ আটকে থাকায় বৃষ্টির পানি জমে ধানক্ষেত নষ্ট হওয়ার উপক্রম হয়। খবর পেয়ে সরেজমিনে গিয়ে দেখা যায়, চাষকৃত জমির পাশ ঘেঁষে যাওয়া নালাসদৃশ একটি বড় খালে ঘন কচুরিপানা জমা হয়ে স্বাভাবিক পানি প্রবাহ পুরোপুরি বন্ধ হয়ে গেছে।

বিষয়টি জানার পর নীলফামারী জেলা আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট জনাব মোঃমিজানুর রহমান, পিভিএম মহোদয়ের সুনির্দিষ্ট দিক-নির্দেশনায় তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া হয়। ডিমলা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ ফারুক হোসেনের তত্ত্বাবধানে এবং উপজেলা প্রশিক্ষক মোঃ মনিরুজ্জামানের ব্যবস্থাপনায় দক্ষিণ ঝুনাগাছ চাপানী ইউনিয়নের দলনেতা ও ভিডিপি সদস্যদের নিয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়।

ইউনিয়ন দলনেতা মোঃ আশরাফুল ইসলাম, ইউনিয়ন আনসার প্লাটুন কমান্ডার মোঃ লিয়াকত আলী চৌধুরী, ভিডিপি সদস্য মোঃ কাইয়ুম, মোঃ শিপন খান এবং স্থানীয় মৌলভী মোঃ আহিদুল ইসলামের সহযোগিতায় ৫ নম্বর ওয়ার্ডের চৌধুরী পাড়া ঈদগাহ মাঠের দক্ষিণ পাশ থেকে শুরু করে কূরার পার পর্যন্ত খালের সমস্ত কচুরিপানা অপসারণ করা হয়।

খালটি পরিষ্কার করার ফলে জমা থাকা অতিরিক্ত পানি দ্রুত নেমে যায় এবং কৃষকদের কষ্টার্জিত ধানক্ষেত বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পায়।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এমন জনকল্যাণমুখী কাজের জন্য স্থানীয় জনগণ অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করেছেন। ভবিষ্যতেও যেকোনো প্রয়োজনে আনসার ও ভিডিপিকে এভাবে পাশে পাওয়ার আশাবাদ ব্যক্ত করেন এলাকাবাসী।