কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে বালু উত্তোলনে ব্যবহৃত দুটি স্যালু মেশিন জব্দ করা হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার মরংঘোনা রবি টাওয়ার সংলগ্ন মাতামুহুরী নদীতে এ অভিযান পরিচালনা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিউল আলমের নেতৃত্বে পরিচালিত অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত দুটি স্যালু মেশিন জব্দ করা হয়।

অভিযান পরিচালনার সময় হারবাং ইউনিয়ন ভূমি অফিসের সহকারী তহসিলদার আবুল মনসুর, চকরিয়া থানা পুলিশের সদস্য এবং প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে একটি চক্র মাতামুহুরী নদীর বিভিন্ন অংশ থেকে অনুমোদন ছাড়াই বালু উত্তোলন করে আসছে। এতে নদীর তীর ও আশপাশের কৃষিজমি ভাঙনের ঝুঁকিতে পড়ছে। পাশাপাশি নদীর স্বাভাবিক গতিপথ ও পরিবেশের ওপরও বিরূপ প্রভাব পড়ছে।

স্থানীয়দের দাবি, শুধু অভিযান পরিচালনা করলেই হবে না; নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে নিয়মিত নজরদারি জোরদার করলে অবৈধ বালু উত্তোলন বন্ধ করা সম্ভব হবে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি সম্পদ রক্ষা এবং নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।