নীলফামারীর ডিমলায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আয়োজনে ১০ দিনব্যাপী ‘ভিডিপি মৌলিক প্রশিক্ষণ (১ম ধাপ)’ সফলভাবে সম্পন্ন হয়েছে। ২৭ আগস্ট ২০২৬ (বৃহস্পতিবার) ছাতনাই কলোনী বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ ফারুক হোসেন। উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোঃ মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষিকা মোছাঃ নুরতাজ খাতুন।

সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থী ভিডিপি সদস্যদের মাঝে ১০ দিনের ভাতা, সনদপত্র ও কৃতিত্বপূর্ণ পারফরম্যান্সের জন্য বিশেষ পুরস্কার বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ ফারুক হোসেন বলেন, “দেশ গঠন, সামাজিক শৃঙ্খলা রক্ষা, আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা প্রদান এবং আত্মকর্মসংস্থান সৃষ্টিতে আনসার ও ভিডিপি সদস্য-সদস্যারা সর্বদা অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এই ১০ দিনের প্রশিক্ষণ তাদের বাস্তব জীবনে মানবিক ও সমাজসেবামূলক কাজে আরও দক্ষ এবং দায়িত্বশীল করে তুলবে।”

অনুষ্ঠানে স্ব-স্ব ইউনিয়নের ভিডিপি দলনেতা, দলনেত্রী এবং প্রশিক্ষণার্থী সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোঃ মনিরুজ্জামান মনির প্রশিক্ষণার্থীদের দেশের কল্যাণে আত্মনিয়োগের শপথ বাক্য পাঠ করান।