নীলফামারীর ডিমলায় ওজনে কম দেওয়া এবং ভুয়া বিএসটিআই সনদের তথ্য প্রচারের অপরাধে দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৬০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
​মঙ্গলবার (২৫ আগস্ট) বিএসটিআই বিভাগীয় কার্যালয় (রংপুর) ও ডিমলা উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
​অভিযান সূত্রে জানা যায়, উপজেলার বাবুরহাট এলাকায় অবস্থিত ‘মেসার্স আফতাব ফিলিং স্টেশন’-এ প্রতি ১০ লিটার পেট্রোলে ১ লিটার ২০ মিলি এবং ১০ লিটার ডিজেলে ১৪০ মিলি তেল কম দেওয়ায় ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’-এর ২৯ ও ৪৬ ধারা অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
​অন্যদিকে, বামুনিয়া ডোমার রোডের ‘আদিল অটো মুড়ির মিল’ পণ্যের অনুকূলে বিএসটিআই-এর গুণগত মান সনদ আছে বলে মিথ্যা তথ্য দেওয়ায় ‘বিএসটিআই আইন, ২০১৮’-এর ৩০ ধারা অনুযায়ী ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
​উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব রওশন কবির-এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এ সময় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় কার্যালয় (রংপুর)-এর পরিদর্শক (মেট্রোলজি) প্রকৌশলী মোঃ আহসান হাবিব, পরিদর্শক (মেট্রোলজি) মোঃ নাসির উদ্দিন এবং ফিল্ড অফিসার (সিএম) মোঃ জুলকারনাইন।
​জনস্বার্থে ডিমলা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।