কুমিল্লায় মাদকবিরোধী বিশেষ অভিযানে আট আসামিকে গ্রেপ্তার করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ। পরে তাদের আইনগত প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, ৪র্থ আদালত, কুমিল্লায় সোপর্দ করা হলে আদালত প্রত্যেককে এক মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। কোতয়ালী মডেল থানা পুলিশের প্রেস রিলিজ সূত্রে জানা যায়, ১৪ আগস্ট ২০২৬ তারিখে কোতয়ালী মডেল থানা এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদক সংক্রান্ত বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে আটজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, কুমিল্লার বুড়িচং থানার খাড়াতাইয়া এলাকার মৃত বিল্লাল হোসেনের ছেলে মোঃ হৃদয় হোসেন, একই এলাকার মৃত জাহের মিয়ার ছেলে মোঃ সোলেমান, মৃত জয়নাল আবেদীনের ছেলে মোঃ উজায়ের আহম্মেদ ওরফে সাজ্জাদ মারুফ, মুরাদনগর থানার হিরারকান্দা এলাকার আক্কাছ মিয়ার ছেলে মোঃ রবিউল্ল্যাহ, কোতয়ালী মডেল থানার ডুমুরিয়া চাঁনপুর এলাকার আমির হোসেনের ছেলে সিয়াম হোসেন, মোগলটুলি এলাকার জাহিদের ছেলে কালাম ওরফে পাভেল, অশোকতলা এলাকার মোঃ হারুনুর রশিদের ছেলে শরীফুল ইসলাম এবং পূর্ব চাঁনপুর এলাকার মৃত গিয়াস উদ্দিনের ছেলে মাইন উদ্দিন।

পুলিশ জানায়, মাদক সংক্রান্ত বিভিন্ন অপরাধে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেপ্তারের পর পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন করা হয়। পরবর্তীতে ধৃত আসামিদের বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, ৪র্থ আদালত, কুমিল্লায় মোবাইল কোর্ট পরিচালনার নিমিত্তে আইনগত প্রক্রিয়ায় সোপর্দ করা হয়। আদালত শুনানি শেষে গ্রেপ্তার আট আসামিকে এক মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। কোতয়ালী মডেল থানা পুলিশ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকবিরোধী কার্যক্রম জোরদার করতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।