ডিমলায় কুড়িয়ে পাওয়া ব্যাংকের চেক ফেরত দিলেন আনসার-ভিডিপি সদস্য মোঃ ইমরান ইসলাম

নীলফামারী জেলা প্রতিনিধিঃ


নীলফামারীর ডিমলা বাজারে কুড়িয়ে পাওয়া রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকুব) একটি হারিয়ে যাওয়া চেক উদ্ধার করে সঠিক প্রমাণের ভিত্তিতে তার প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়া হয়েছে।

জানা যায়, আজ ডিমলা বাজারে রতন চন্দ্র রায় নামের এক গ্রাহকের একটি ব্যাংক চেক কুড়িয়ে পান আনসার ও ভিডিপি সদস্য মোঃ ইমরান ইসলাম। তিনি বিষয়টি তাৎক্ষণিকভাবে ডিমলা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা জনাব মোঃ ফারুক হোসেন এবং উপজেলা প্রশিক্ষক মোঃ মনিরুজ্জামানকে জানান।

বিষয়টি জানার পর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা জনাব মোঃ ফারুক হোসেন ও প্রশিক্ষক মোঃ মনিরুজ্জামান সততার সাথে প্রকৃত মালিককে খুঁজে বের করার দিকনির্দেশনা দেন এবং সকলে মিলে ব্যাংকের চেকটির আসল মালিকের সন্ধান শুরু করেন।

পরবর্তীতে সঠিক তথ্যাদি ও প্রমাণ যাচাই-বাছাই শেষে প্রকৃত মালিক রতন চন্দ্র রায়কে খুঁজে পাওয়া যায়। এরপর ডিমলা উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোঃ মনিরুজ্জামান এবং আনসার সদস্য মোঃ ইমরান ইসলাম যৌথভাবে আনুষ্ঠানিকভাবে চেকটি তার হাতে তুলে দেন।

আনসার ও ভিডিপি সদস্যদের এই সততা, দ্রুত পদক্ষেপ এবং দায়িত্বশীল কর্মকাণ্ড স্থানীয় সচেতন মহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। হারিয়ে যাওয়া গুরুত্বপূর্ণ চেকটি নিরাপদে ফেরত পেয়ে রতন চন্দ্র রায় উপজেলা আনসার ও ভিডিপি পরিবারের সকল কর্মকর্তার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।