মনপুরায় দেশীয় অস্ত্রসহ স্বপন বাহিনীর প্রধান আটক।।কোস্ট গার্ডের বিশেষ অভিযানে একনলা বন্দুক ও ৮টি দেশীয় অস্ত্র উদ্ধার।।
মেহেদী রাকিব মনপুরা (ভোলা) প্রতিনিধি:
ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় বিশেষ অভিযান চালিয়ে দেশীয় আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ কুখ্যাত ‘স্বপন বাহিনীর’ প্রধান স্বপনকে (৫০) আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
অভিযানে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একটি মাছের আড়ত থেকে একটি দেশীয় একনলা বন্দুক ও আটটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
বুধবার (২২ জুলাই) রাত ৯টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত ২১ জুলাই রাত ১১টা থেকে ২২ জুলাই দুপুর ৩টা পর্যন্ত কোস্ট গার্ড বেইস ভোলা ও আউটপোস্ট মনপুরা যৌথভাবে উপজেলার বিচ্ছিন্ন কাজিরচর সংলগ্ন মাছের ঘাট বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে কুখ্যাত স্বপন বাহিনীর প্রধান স্বপনকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে ওই এলাকার একটি মাছের আড়তে তল্লাশি চালিয়ে একটি দেশীয় একনলা বন্দুক এবং আটটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
আটক স্বপন উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরযতিন এলাকার বাসিন্দা। কোস্ট গার্ডের দাবি, তিনি দীর্ঘদিন ধরে ‘স্বপন বাহিনী’র নেতৃত্ব দিয়ে এলাকায় বিভিন্ন ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন।
এ বিষয়ে কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, “আটক স্বপনের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।
দেশের উপকূলীয় অঞ্চলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত রাখবে।