নিজস্ব প্রতিবেদক: ঐতিহ্যবাহী মোরশেদা বেগম উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মোহাম্মদ আসাদুজ্জামান মনিরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, আজ্ঞাপুর আছমত আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এবং ২ নং বাকশিমুল ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব এমদাদুল হক পলাশ।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন কেবল পরিচালনা কমিটির একার দায়িত্ব নয়। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, প্রাক্তন শিক্ষার্থী এবং স্থানীয় সচেতন সমাজের সম্মিলিত অংশগ্রহণ ও আন্তরিক প্রচেষ্টার মাধ্যমেই একটি বিদ্যালয় আদর্শ ও মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত হতে পারে।
তিনি নবগঠিত এডহক কমিটির সভাপতির দৃষ্টি আকর্ষণ করে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শৃঙ্খলা ও শিক্ষার মানোন্নয়নে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রস্তাব তুলে ধরেন। প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে— প্রতিদিন যথাসময়ে বিদ্যালয়ে উপস্থিতি ও সময়ানুবর্তিতা নিশ্চিত করা, ছেলেদের জন্য যোহরের নামাজ জামাতে আদায়ের ব্যবস্থা ও কার্যকর তদারকি, বিশেষ প্রয়োজন ছাড়া শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিরুৎসাহিত করা, ক্যাম্পাসে ধূমপান, তামাকজাত দ্রব্য ও মাদক সম্পূর্ণ নিষিদ্ধ করা এবং বিদ্যালয় প্রাঙ্গণ সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা।
এছাড়া নিয়মিত অ্যাসেম্বলি, জাতীয় সংগীত, শপথ পাঠ ও নৈতিক শিক্ষা বিষয়ক সংক্ষিপ্ত আলোচনা চালু রাখা, শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকদের অংশগ্রহণে নিয়মিত মতবিনিময় সভা আয়োজন, দুর্বল শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত পাঠদান, খেলাধুলা, বিতর্ক, সাংস্কৃতিক ও বিজ্ঞানভিত্তিক কার্যক্রম সম্প্রসারণ, বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা এবং পরিচ্ছন্ন ক্যাম্পাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
একই সঙ্গে বিদ্যালয়ের দোকানপাটে অপ্রয়োজনীয় শিক্ষার্থীদের ভিড় নিয়ন্ত্রণ, ছুটির পর রাস্তাঘাট বা বাজারে আড্ডা না দিয়ে দ্রুত নিজ নিজ বাসায় ফিরে যাওয়ার বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করার আহ্বান জানান। সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার থেকে শিক্ষার্থীদের বিরত রাখা, অনলাইনে শালীন আচরণ নিশ্চিত করা এবং সন্তানদের পড়াশোনা, উপস্থিতি ও আচরণ সম্পর্কে অভিভাবকদের নিয়মিত খোঁজ রাখারও আহ্বান জানান তিনি।
এমদাদুল হক পলাশ বলেন, “আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় ঐতিহ্যবাহী মোরশেদা বেগম উচ্চ বিদ্যালয়কে একটি আদর্শ, শৃঙ্খলাবদ্ধ ও মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে। আমি বিশ্বাস করি, নবগঠিত এডহক কমিটির নেতৃত্বে বিদ্যালয়টি নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। এ লক্ষ্যে আমরা সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখব।”
স্থানীয় শিক্ষানুরাগীরা মনে করছেন, বিদ্যালয়ের উন্নয়ন, শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে এ ধরনের গঠনমূলক উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা নবগঠিত এডহক কমিটির সফলতা কামনা করে বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।