মোঃ শাহজাহান বাশার
অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ এবং বকেয়া বিল আদায়ে সাঁড়াশি অভিযান চালিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসি। নারায়ণগঞ্জ, গাজীপুর ও মানিকগঞ্জের বিভিন্ন এলাকায় পৃথক অভিযানে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন, রেগুলেটর জব্দ এবং জরিমানা আদায় করা হয়েছে।
গত রোববার (৫ এপ্রিল) নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তারিফ আল তাওহীদের নেতৃত্বে তিতাস গ্যাসের জোবিঅ-মেঘনাঘাট আওতাধীন দত্তপাড়া, দৈলেরবাগ ও পিরোজপুর (সোনারগাঁও) এলাকায় ৫টি স্পটে অভিযান পরিচালিত হয়।
অভিযানে ৪টি অবৈধ চুনা কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পাশাপাশি পিরোজপুরের হিরাঝিল হাইওয়ে রেস্টুরেন্টের সংযোগও কেটে দেওয়া হয়। এ সময় প্রায় ৩০ ফুট জি.আই পাইপ ও ১১টি রেগুলেটর জব্দ/অপসারণ করা হয়। অভিযানে মোট ১৫ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
গাজীপুরে শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে ব্যবস্থা
একই দিনে গাজীপুরে বকেয়া বিলের কারণে কয়েকটি শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হয়।
ভাওয়াল মির্জাপুর এলাকায় অবস্থিত প্যারাগন সিরামিকস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের গ্যাস সংযোগ বকেয়ার কারণে বিচ্ছিন্ন করা হয়। এছাড়া কুনিয়া, তারগাছ এলাকায় অবস্থিত বাংজিন প্যাডিং লিমিটেডের উভয় শ্রেণির আউটলেট ভালভ বন্ধ করে সরবরাহ স্থগিত করা হয়।
রাজবাড়ী রোড, জয়দেবপুর এলাকায় ক্যাফে কস্তুরী রেস্টুরেন্টের বাণিজ্যিক গ্যাস সংযোগও বকেয়া বিল পরিশোধ না করায় বন্ধ করে দেওয়া হয়েছে।
মানিকগঞ্জে ৬ সংযোগ বিচ্ছিন্ন
তিতাস গ্যাসের জোবিঅ-মানিকগঞ্জ আওতাধীন দাশড়া ও বান্দুটিয়া এলাকায় পৃথক অভিযানে বকেয়ার কারণে ৬টি সংযোগের আওতায় থাকা ১৬টি ডাবল চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পাশাপাশি ২টি রেগুলেটর জব্দ করা হয়েছে।
সাভার-আশুলিয়ায় শিল্প গ্রাহকদের বিরুদ্ধে অভিযান
এর আগে গত ৩১ মার্চ সাভার আঞ্চলিক বিপণন বিভাগের অধীনে জোবিঅ-আশুলিয়া ও জোবিঅ-সাভার এলাকায় শিল্প গ্রাহকদের বকেয়া আদায়ে দুইটি টিম অভিযান পরিচালনা করে।
এ অভিযানে গ্রামীণ নীটওয়্যার লি., সিএমসি কামাল টেক্সটাইল মিলস লি., লোটাস কামাল নীটওয়্যার লি., এলকে ইউনিটেক্স কো. লি., এইচ.আর টেক্সটাইল লি. এবং মঙ্গল বেকারির গ্যাস সংযোগ বকেয়ার কারণে বিচ্ছিন্ন করা হয়।
অপরদিকে ন্যাশনাল বেভারেজ, স্নো হোয়াইট কটন লি. এবং রেদোয়ান প্যাকেজিংয়ের ক্ষেত্রে বকেয়া পরিশোধ না করায় সংশ্লিষ্ট আউটলেটে সিল স্থাপন করে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছে।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, অবৈধ সংযোগ এবং বকেয়া বিল আদায়ে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।