মোঃ শাহজাহান বাশার
রাজধানীর মোহাম্মদপুরের শেখেরটেক এলাকায় গভীর রাতে বিশেষ অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত ‘কুত্তা ফারুক’সহ ছিনতাই ও ডাকাতি চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে আদাবর থানা পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে অভিযুক্তদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে চাপাতি, সামুরাইসহ বিভিন্ন ধরনের দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও তদন্তে পুলিশ জানতে পেরেছে, গ্রেপ্তার ব্যক্তিরা একটি সংঘবদ্ধ অপরাধী চক্রের সদস্য। তারা একটি মুরগির ফার্মে ডাকাতির পরিকল্পনা করছিল এবং পুলিশের এক সোর্সের ওপর হামলার প্রস্তুতি নিচ্ছিল বলে অভিযোগ রয়েছে।
আদাবর থানা পুলিশের একটি সূত্র জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। তাদের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর এমন ধারাবাহিক অভিযান ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।