নিজস্ব প্রতিবেদক
সন্ত্রাস, উগ্রবাদ, জঙ্গিবাদ ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইনের কঠোর ও নিরপেক্ষ প্রয়োগ নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন মাইজভাণ্ডার শরীফের পীর ও আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়ার কেন্দ্রীয় সভাপতি হযরত শাহসূফি ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল-হাসানী।
শনিবার (৫ জুলাই) রাতে রাজধানীর মিরপুর-১-এর শাহ্ আলীবাগে কেন্দ্রীয় খানকাহ্ রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়ার মসজিদে গাউছুল আ’যম মিলনায়তনে আয়োজিত ‘শাহাদাত-এ কারবালা মাহফিল’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
তিনি বলেন, ইসলাম শান্তি, মানবতা, ন্যায়, ভারসাম্য ও সহনশীলতার ধর্ম। সন্ত্রাস, উগ্রবাদ ও জঙ্গিবাদ ইসলামের মৌলিক শিক্ষা ও আদর্শের সম্পূর্ণ পরিপন্থী। এসব অপতৎপরতা কোনো রাষ্ট্র, সমাজ কিংবা জাতির জন্য কল্যাণ বয়ে আনে না; বরং অস্থিরতা, বিভাজন ও মানবিক বিপর্যয়ের জন্ম দেয়। তাই সন্ত্রাস ও উগ্রবাদের বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।
শাহসূফি ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল-হাসানী বলেন, একজন প্রকৃত মুমিনের পরিচয় হলো পরমতসহিষ্ণুতা, মানবিক মূল্যবোধের চর্চা, শান্তি-সম্প্রীতি প্রতিষ্ঠা এবং আত্মিক ও নৈতিক উৎকর্ষ সাধন। ইসলামের প্রকৃত শিক্ষা মানুষকে সংঘাত নয়, বরং সংলাপ, সহাবস্থান ও মানবকল্যাণের পথ দেখায়।
তিনি আরও বলেন, একটি ক্ষুদ্র উগ্রবাদী গোষ্ঠীর অপরাধমূলক কর্মকাণ্ডের দায় সমগ্র জাতি ও ইসলামের ওপর বর্তায়। এতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি বহিরাগতদের অযাচিত হস্তক্ষেপের সুযোগ সৃষ্টি হয়। তাই অনৈতিক, অমানবিক ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কার্যকর ও কঠোর ব্যবস্থা গ্রহণ রাষ্ট্রের দায়িত্ব।
কারবালার শিক্ষা প্রসঙ্গে তিনি বলেন, পবিত্র কারবালার ঘটনা সত্য, ন্যায়, ত্যাগ ও মানবমর্যাদা রক্ষার চিরন্তন দৃষ্টান্ত। এই আদর্শ অন্যায়, জুলুম, উগ্রবাদ ও জঙ্গিবাদের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিতে মানুষকে অনুপ্রাণিত করে।
মাহফিলে বক্তব্য দেন কুমিল্লার ঘিলাতলা দরবার শরীফের সাজ্জাদানশীন মুফতি মাওলানা বাকিবিল্লাহ আল-আজহারী, আঞ্জুমানের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আলহাজ মাওলানা রুহুল আমিন ভূঁইয়া চাঁদপুরী, মিরপুর-১ মসজিদে গাউছুল আ’যমের খতিব হাফেজ ক্বারী মাওলানা মুফতি মাকসুদুর রহমান, মাওলানা মনছুর আলী, মাওলানা খাজা বাহাউদ্দীন ও মাওলানা মোহাম্মদ কেরামত আলী।
অনুষ্ঠানে দেশের বিশিষ্ট ওলামায়ে কেরাম, মাশায়েখে ইযাম, আহলে সুন্নাত ওয়াল জামা’আতের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, মাইজভাণ্ডার দরবার শরীফের খলিফাবৃন্দ, হযরত সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী ট্রাস্টের সদস্য, আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়া ও মইনীয়া যুব ফোরামের কেন্দ্রীয় এবং বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সাংবাদিক, সুধীজনসহ বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মানুষ অংশ নেন।
পরে মিলাদ, কিয়াম ও সালাত-সালাম শেষে মুসলিম উম্মাহর ঐক্য, দেশের শান্তি, স্থিতিশীলতা, সমৃদ্ধি এবং বিশ্বমানবতার কল্যাণ কামনা করে আখেরি মুনাজাত পরিচালনা করেন হযরত শাহসূফি ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল-হাসানী।