মোঃ শরিফ হোসেন, কুমিল্লা জেলা প্রতিনিধি
কুমিল্লা নগরীর ফয়জুন্নেসা স্কুল সংলগ্ন এলাকা থেকে হারিয়ে যাওয়া এক শিশুকে উদ্ধার করে তার পরিবারের কাছে নিরাপদে হস্তান্তর করেছে কুমিল্লা পুলিশ। পুলিশের তাৎক্ষণিক তৎপরতা ও মানবিক উদ্যোগে শিশুটি দ্রুত পরিবারের কাছে ফিরে আসায় স্বস্তি প্রকাশ করেছেন তার স্বজনরা।
শনিবার (২৭ জুন) ফয়জুন্নেসা স্কুলের কাছ থেকে শিশুটি হেঁটে পুলিশ লাইন গেটে চলে আসেন পরে কুমিল্লা কান্দিরপাড় ও চকবাজার জোনের টিআই আমিনুল কবির, ও সহকারী টি এস আই মো. মজিবুর রহমানের নেতৃত্বে শিশুটিকে নিরাপদ অবস্থায় উদ্ধার করে কুমিল্লা পুলিশ লাইনে নিয়ে যাওয়া হয়।
শিশুটির পরিচয় নিশ্চিত হওয়ার পর তার অভিভাবকদের সঙ্গে যোগাযোগ করা হয়। পরে শিশুটির মা ও পরিবারের সদস্যরা পুলিশ লাইনে আসে, প্রয়োজনীয় যাচাই শেষে শিশুটিকে তাদের কাছে হস্তান্তর করা হয়।
দীর্ঘ উৎকণ্ঠার পর সন্তানকে ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন শিশুটির মা ও স্বজনরা। এ সময় তারা কান্দিরপাড় ও চকবাজার জোনের টিআই আমিনুল কবির ও সহকারী টি এস আই
মো. মজিবুর রহমানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, পুলিশের দ্রুত পদক্ষেপ ও মানবিক দায়িত্বশীলতার কারণেই অল্প সময়ের মধ্যে শিশুটিকে নিরাপদে ফিরে পাওয়া সম্ভব হয়েছে।
এ ঘটনায় কুমিল্লা পুলিশের মানবিক ভূমিকা ও দায়িত্বশীল কর্মকাণ্ড স্থানীয় মানুষের প্রশংসা কুড়িয়েছে। নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি এমন মানবিক উদ্যোগ পুলিশ বাহিনীর প্রতি সাধারণ মানুষের আস্থা আরও বাড়াবে বলে মনে করছেন সাধারণ পথচারীর সহ নগরবাসী ।