চান্দিনায় পুলিশের বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি ও চোর গ্রেফতার।
এ কে এম আজাদ
নিজস্ব প্রতিবেদক চান্দিনা, কুমিল্লা
কুমিল্লার চান্দিনা থানা পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি এবং এক চোরকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত দুই আসামিকে পৃথক মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
চান্দিনা থানা সূত্রে জানা যায়, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও অপরাধ দমনের লক্ষ্যে পরিচালিত বিশেষ অভিযানে প্রথমে চুরির ঘটনায় জড়িত মো. আলিম (২৭) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি উপজেলার ৩নং মাধাইয়া ইউনিয়নের নাওতলা (রোজা গাজীর বাড়ি) এলাকার বাসিন্দা। চুরি করার সময় স্থানীয় জনগণ তাকে হাতেনাতে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। পরে তার বিরুদ্ধে চুরি মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়।
অপরদিকে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত পৃথক অভিযানে অভিনব কৌশলে মাদক পাচারের সময় মো. ইসতাক (১৯) নামে এক যুবককে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত ইসতাক কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার গালিয়ারা ইউনিয়নের রামধনপুর এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
চান্দিনা থানা পুলিশ জানায়, মাদক, চুরি, ডাকাতি ও অন্যান্য অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। অপরাধীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।