কুড়িগ্রামের উলিপুরে এক মায়ের গর্ভে একসঙ্গে তিন সন্তানের জন্ম হয়েছে। আরও বিস্ময়কর বিষয় হলো, পূর্বে সিজারিয়ান অপারেশন হলেও এবার তিনি স্বাভাবিক প্রসবের মাধ্যমে তিন সন্তানের জন্ম দিয়েছেন, যা চিকিৎসকদের মতে একটি বিরল ও জটিল সফলতা।
জানা যায়, চিলমারী উপজেলার পশ্চিম খোরখোরিয়া গ্রামের বাসিন্দা মোঃ ফরহাদ হোসেনের স্ত্রী মোছা. নুর নেসা (৩৫) প্রসব ব্যথা নিয়ে উলিপুরের আলেকজান মেটারনিটি অ্যান্ড চাইল্ড ওয়েলফেয়ার সেন্টার (মাতৃমঙ্গল)-এ ভর্তি হন। পরে অভিজ্ঞ নারী চিকিৎসক ডা. শারমিন বেগমের তত্ত্বাবধানে স্বাভাবিক যোনিপথে প্রসব (এনভিডি) পদ্ধতিতে সফলভাবে তিনটি সন্তানের জন্ম দেন।
রোববার (৫ এপ্রিল) দুপুর ২টা ৩০ মিনিট, ২টা ৩৫ মিনিট এবং ২টা ৪৫ মিনিটে পর্যায়ক্রমে তিনটি শিশু জন্মগ্রহণ করে। নবজাতকদের মধ্যে দুইজন ছেলে ও একজন মেয়ে। তাদের ওজন যথাক্রমে ১ কেজি ৬০০ গ্রাম, ১ কেজি ৭০০ গ্রাম এবং ২ কেজি।
হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রসূতির রক্তচাপ স্বাভাবিক ছিল (১১০/৮০) এবং বর্তমানে মা ও নবজাতকরা চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে সুস্থ রয়েছেন।
চিকিৎসকরা জানান, পূর্বে সিজারিয়ান অপারেশনের পর স্বাভাবিক প্রসবে একসঙ্গে তিন সন্তানের জন্ম দেওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও জটিল। তবে দক্ষ চিকিৎসক ও নার্সদের সম্মিলিত প্রচেষ্টায় এটি সফলভাবে সম্পন্ন হয়েছে।
এ ঘটনাকে ঘিরে এলাকায় আনন্দের আমেজ বিরাজ করছে। স্থানীয়রা মা ও নবজাতকদের সুস্থতা কামনা করেছেন।
প্রধান উপদেষ্টা : হুমায়ুন কবির জীবন
উপদেষ্টা: আবুল হাসানাত
সম্পাদকীয় উপদেষ্টা: মোঃ শাহরিয়া সিকদার
সম্পাদক ও প্রকাশক: মোঃ শরিফ হোসেন
নির্বাহী সম্পাদক: মোঃ শাহজাহান বাশার
উপসম্পাদক : সালাম মিয়া
প্রধান কার্যালয় : ২ নং, উত্তর দুর্গাপুর ইউনিয়ন কৃষ্ণনগর। কুমিল্লা আদর্শ সদর
যোগাযোগ : +880 1828-413420
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ মেহেনাজ আইটি